প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:০৬ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ৯:১৬ এএম

চূয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। ছবি : সংগৃহীত
চূয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। ছবি : সংগৃহীত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটের সুরাহা না হওয়ায় এক মাস পর ফের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এই শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের পাঠদান ও প্রশাসনিক কাজ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এই কর্মসূচিশুরু হবে বলে জানা গেছে।
বুধবার রাতে চলমান আন্দোলনকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সব বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হওয়া এই সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন। কিন্তু চুয়েটের চলমান সংকট কাটাতে এখনো কার্যকর ও দীর্ঘমেয়াদি কোনো সমাধান আসেনি। এর ফলে একাডেমিক কাজের পাশাপাশি প্রশাসনিক কাজেও ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধান না আসা পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে রাত ২টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের নানা সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, গত দুই মাস ধরে চুয়েটে চলা আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। অথচ সংকট মেটাতে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। সে কারণে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।
অন্যদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান নেবেন শিক্ষার্থীরা। ওই দিনই বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য প্রসঙ্গে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা শুরু হয়। এর প্রতিবাদে তখন কমপ্লিট শাটডাউন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর পাঠদান কার্যক্রম আবার চালু হয়েছিল। তবে সমস্যার সমাধান না হওয়ায় প্রায় এক মাস পর ফের শাটডাউনের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।
সময়ের আলো/আতা