প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৬ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিসারা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অধীনে অনলাইনে এই কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
সংশোধিত নতুন ফরমে শিক্ষার্থী ও অভিভাবকের ব্যক্তিগত বিবরণের পাশাপাশি পরিবারের আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও শৌচাগারের ধরনসহ আর্থিক অবস্থা সম্পর্কিত ৩০ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এর পাশাপাশি পরিবারে বীর মুক্তিযোদ্ধা কিংবা জুলাইযোদ্ধা আছেন কি না, সেই তথ্য এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার তথ্যও উল্লেখ করতে হবে।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। এই কর্মসূচির আওতায় ছাত্রীদের শতভাগই উপবৃত্তি পাবেন। তবে ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য বাছাই করা হবে।
শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাঁচ পৃষ্ঠার এই সংশোধিত আবেদন ফরমটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও ফরমটি পাঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যারে (এইচএসপি-এমআইএস) তা এন্ট্রি করার কাজ শুরু হবে।
নতুন এই ফরমে শিক্ষার্থীর নাম, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ও বোর্ডের নিবন্ধন নম্বরসহ নানা ব্যক্তিগত তথ্য সংযুক্ত করতে হবে। সেই সঙ্গে মা-বাবার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যও দিতে হবে। এ ছাড়া অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, পেশা, পরিবারের বার্ষিক আয়-ব্যয়, জমির পরিমাণ, বসতঘর ও টয়লেটের ধরন এবং বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্যের তথ্যও ফরমে পূরণ করতে হবে।
সময়ের আলো/আতা