
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসছে দিনব্যাপী প্রজাপতি মেলা । ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসছে দিনব্যাপী প্রজাপতি মেলা । ছবি : সংগৃহীতপ্রজাপতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসছে দিনব্যাপী প্রজাপতি মেলা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ আয়োজন করছে।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যে এবারের মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে র্যালি, পাপেট শো, ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনার প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
মেলায় পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হবে। এ ছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান জ্যোতি।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক সচিত্র বইয়ের মোড়ক উন্মোচন। বইটিতে বাংলাদেশের ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভা, তাদের পোষক উদ্ভিদ, পূর্ণাঙ্গ প্রজাপতির জীবনবৃত্তান্ত এবং শনাক্তকরণে জিনভিত্তিক তথ্য তুলে ধরা হয়েছে।
আয়োজকদের সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন হবে। এরপর সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত র্যালি, পাপেট শো ও প্রজাপতির অরিগামি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের ছবি আঁকা এবং ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা চলবে।
সকাল ১১টা থেকে দিনব্যাপী থাকবে প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট। এ ছাড়া সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো হবে। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত বারোয়ারি বিতর্কের বিষয় ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’। এরপর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত হবে প্রজাপতি চেনার প্রতিযোগিতা। বিকেল ৩টা থেকে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
ছবি আঁকা প্রতিযোগিতায় নার্সারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে এবং চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নিতে পারবে। প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজে অংশ নিতে পারবে সব শিশু-কিশোর। অন্যদিকে প্রজাপতি চেনার প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতির প্রজাতি শনাক্ত করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষার্থী নিয়ে গঠিত দুটি দল অংশ নিতে পারবে।
ছবি আঁকা, কুইজ, বিতর্ক ও প্রজাপতি চেনার প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, এ আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। প্রজাপতি ও তাদের পোষক উদ্ভিদ সম্পর্কে ধারণা বাড়াতে এবার সচিত্র বই প্রকাশ করা হচ্ছে। এতে প্রজাপতির শূককীট ও পোষক উদ্ভিদ শনাক্ত করার পাশাপাশি প্রজাপতির উপযোগী বাগান তৈরির বিষয়েও তথ্য থাকবে।
সময়ের আলো/এসকে