প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৮:১৮ পিএম

অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো হাঁসের প্রাণঘাতী প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক গবেষণার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। গবেষণা ক্যাটাগরিতে তিনি রৌপ্যপদক অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।
নিজের গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা প্রাণিসম্পদ খাতের রফতানি সম্ভাবনা ও মানবস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদন তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণীর শরীরে বিভিন্ন ওষুধ প্রয়োগের প্রয়োজনীয়তা এবং শারীরিক চাপ কমানো সম্ভব। এতে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদনও বাড়বে।
প্রাণীর মৃত্যুহার কমানো এবং খামারিদের জন্য প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক করে তোলাও তার গবেষণার অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
অধ্যাপক বাহানুর রহমান আরও বলেন, তরুণ শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের প্রাণিসম্পদবিষয়ক গবেষণায় সম্পৃক্ত করা এবং এ খাতে কাজের সুযোগ তৈরি করা গেলে বাংলাদেশকে রফতানিমুখী প্রাণিসম্পদ অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব হবে।
সময়ের আলো/এনএন