প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৫:৩৪ পিএম

চুয়েট বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
চুয়েট বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত ‘যেই ভিসি চাক্কু মারে, সেই ভিসি আমার না’ এবং ‘শরীফুলের ঠিকানা চুয়েটে হবে না’—এমন স্লোগানে আবারও উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। উপাচার্যবিরোধী আন্দোলনের সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার রাতে চলমান আন্দোলন আরও জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, চুয়েটের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধানের দাবিতে নতুন করে শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আলোচনা সভা শেষে রাত ২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন চুয়েট শিক্ষার্থীরা। এ সময় চলমান সংকট নিরসনের দাবিতে বিভিন্ন ব্যানার বহন করেন তারা। পরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল থেকে উপাচার্যকে উদ্দেশ করে ‘যেই ভিসি চাক্কু মারে, সেই ভিসি আমার না’ এবং ‘শরীফুলের ঠিকানা চুয়েটে হবে না’ স্লোগান দেওয়া হয়।
কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত। এর প্রতিবাদে শিক্ষার্থীরা এর আগে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছিলেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা।
সময়ের আলো/এনএন