প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম

সড়কে অবস্থানরত শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
সড়কে অবস্থানরত শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’—এমন স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আধা ঘণ্টার মধ্যে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টার পর চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন তারা। এ সময় ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না, মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও দাবি করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চুয়েটের চলমান সমস্যার দ্রুত সমাধান চান তারা। তাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এ সংকটের দ্রুত সমাধান সম্ভব বলে মনে করেন তারা।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। এর মধ্যে গত ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। এরপর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সময়ের আলো/এনএন