
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ এবং অবরুদ্ধ গাজায় ত্রাণ ও শীতবস্ত্র প্রবেশের জন্য সব সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক কর্মসূচিতে এই দাবি জানান জাতীয় ছাত্রশক্তি।
কর্মসূচির শুরুতে টিএসসির পায়রা চত্বর থেকে একটি মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ভিসি চত্বর, সূর্য সেন হলসংলগ্ন হলপাড়া, কলা ভবন ও কেন্দ্রীয় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। গাজায় হামলার পাশাপাশি বাস্তুচ্যুত ও ঘরবাড়ি হারানো মানুষ তীব্র শীতের মধ্যে কষ্টে দিন কাটাচ্ছেন। তাঁদের কাছে প্রয়োজনীয় ত্রাণ ও শীতবস্ত্র পৌঁছানোর সুযোগও তৈরি করা হচ্ছে না।
তিনি বলেন, ‘ফিলিস্তিনে যেই আগ্রাসন চলছে, যেই বর্বরতা চলছে, সেই বর্বরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের নাগরিকদের জন্য যেই ত্রাণ এবং শীতবস্ত্র সহায়তা দেওয়ার জন্য সারা দুনিয়ার মুক্তিকামী মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে, সেই ত্রাণ এবং শীতবস্ত্র যেকোনো মূল্যে ফিলিস্তিনে পাঠানোর জন্য তাদের সব বর্ডার অনতিবিলম্বে খুলে দিতে হবে।’
আবু বাকের মজুমদার আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীন ভূমি দখলের জন্য ইসরায়েলি বাহিনীর হামলা ও বর্বরতা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলেও আগ্রাসন ও নিপীড়নের ঘটনা ঘটছে। কাশ্মীরের মানুষের ওপর নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ তুলে এসব ঘটনারও নিন্দা জানান তিনি।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, হাসপাতাল ধ্বংস এবং নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদ জানায় জাতীয় ছাত্রশক্তি। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
হাসিব আল ইসলাম বলেন, জায়নবাদী শক্তির পাশাপাশি ভারতের আসাম ও মণিপুরে মুসলমান ও মুক্তিকামী মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় তিনি কাশ্মীর ও আরাকানসহ বিভিন্ন অঞ্চলে নিপীড়নের শিকার মানুষের অধিকার নিয়েও কথা বলেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিশ্বের বিভিন্ন স্থানে গণহত্যার অভিযোগের বিচার হওয়া প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ নিরপেক্ষভাবে পর্যালোচনার আহ্বান জানান তিনি।
সমাবেশ সঞ্চালনা করেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। তিনি বলেন, জাতীয় ছাত্রশক্তি শুধু ফিলিস্তিনের মানুষের পক্ষে নয়, বিশ্বের সব নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের পক্ষে কথা বলতে চায়। কাশ্মীর, উইঘুর, আরাকান, আসাম, মণিপুর ও বেলুচিস্তানের মানুষের ওপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি এসব ঘটনার প্রতিবাদ জানান।
সময়ের আলো/জেডি