রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে ছাত্রলীগ নেতার হুমকি

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রবেশপথেও

2026-11-29T14:12:49+00:00
2026-11-29T14:12:49+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে ছাত্রলীগ নেতার হুমকি
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রবেশপথেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে দাবি করেছেন প্রক্টর। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে অবস্থিত প্রক্টরের বাসভবনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রবেশপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, দুর্বৃত্তরা তার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের পর সেটির ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তবে তার পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ভিডিও ধারণের বিষয়টিও জানতে পেরেছেন।


তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি তৎপরতা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

এদিকে ফেসবুকে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। পোস্টে প্রক্টরের বক্তব্য ও আচরণের সমালোচনা করে তিনি লেখেন, প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন।

পোস্টে প্রক্টরকে সতর্ক করে তিনি আরও লেখেন, নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ঘটনার বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাবি  প্রক্টরের বাসভবন  ককটেল বিস্ফোরণ  ফেসবুকে  ছাত্রলীগ নেতা  হুমকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: