ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
শনিবার(২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে নবীন শেখ (২২), ও তার সহকারী মো. রাশেদ (৩০)। প্রাথমিকভাবে রাশেদের নাম ঠিকানা জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সাথে ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের সহকারী রাশেদ নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকটির চালক নবীন শেখ মারা যান। এছাড়া ট্রাকের শ্রমিক ও বাসের যাত্রীসহ আরও ২০ জন আহত হন।
এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সময়ের আলোকে বলেন, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের সহকারী প্রাণ হারান। চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের চালকও মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আআ