গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে যমুনা ডেনিমস লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের আট দফা দাবি ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির পরিচালক কাজল কান্তির পদত্যাগ, বাৎসরিক ছুটির বকেয়া টাকা পরিশোধ, হাজিরা বোনাস দেওয়াসহ আট দফা দাবিতে আন্দোলনে নামে কারখানাটির শ্রমিকরা।
এতে শনিবার সকালে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, কিছু বুঝে উঠার আগে উচ্ছৃঙ্খল শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। শ্রমিকরা আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড মেরে তাদের ছত্রভঙ্গ করেছে।
শ্রমিকরা জানান, জরুরি প্রয়োজনে ছুটি দিতে করতে হবে। ফ্লোরে কোনো স্টাফ শ্রমিকের সাথে খারাপ আচরণ করতে পারবে না। যদি কোনো ওয়ারকার স্টাফের বিরুদ্ধে রিপোর্ট দেয় তা সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের চাকরি থেকে বহিষ্কার করা যাবে না।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শিল্প পুলিশের কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/আআ