শঙ্কা যেন সত্যি না হয়

সম্পাদকীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র ১৫ দিন বাকি। এখনও নির্বাচনি পরিবেশ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সহিংসতার আশঙ্কা ও উদ্বেগের

2026-01-27T04:38:59+00:00
2026-01-27T04:38:59+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
শঙ্কা যেন সত্যি না হয়
নির্বাচনে সহিংসতা
সম্পাদকীয়
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র ১৫ দিন বাকি। এখনও নির্বাচনি পরিবেশ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সহিংসতার আশঙ্কা ও উদ্বেগের খবর আসছে। বলা বাহুল্য এতে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও আন্তরিকতার অভাবই পরিলক্ষিত হয়— যা অত্যন্ত হতাশাজনক।

দৈনিক সময়ের আলোয় গতকাল প্রকাশিত প্রতিবেদন বলেছে— ১ হাজার ৩৬৬টি লুণ্ঠিত অস্ত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট জেল পলাতক ৭ শতাধিক বন্দির এখনও হদিস পায়নি পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারে তাগিদ দিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানানো হয়েছে। 

শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, যুবদল নেতা কিবরিয়া ও স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যাকাণ্ডের মতো বহুল আলোচিত ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যবহারের সত্যতা মিলেছে। এতগুলো লোমহর্ষক ঘটনার পরও সহস্রাধিক অবৈধ অস্ত্র কেন উদ্ধার হলো না— তা আমাদের বোধগম্য নয়। এসব অস্ত্র যে বারবার ব্যবহৃত হবে না, তার গ্যারাান্টি কে দেবে? যদিও কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এক অনুষ্ঠানে বলেছেন— আসন্ন নির্বাচনে লুণ্ঠিত অস্ত্র ব্যবহৃত হবে না। বিষয়টি নিয়ে তিনি কীভাবে নিশ্চিত হলেন, তা আমরা বিস্তারিত জানতে চাই। 

আমরা বারবার বলে আসছি— এবার নির্বাচন দেশবাসীর বহুল কাক্সিক্ষত নির্বাচন। স্বৈরাচার আমলে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার জনমনে আশা দেখা গেছে— তাদের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই, নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ না কাটলে, প্রার্থী-সমর্থক-ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষ উৎসাহ হারাবে— যা কোনোভাবেই কাম্য নয়।

একটি বিষয় কারও অজানা নয়— আসন্ন নির্বাচন বানচাল করতে নানা মহলের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসররা তো বটেই, দেশের অভ্যন্তরেও বিভিন্ন কুচক্রী মহল চায় না, দেশে সুষ্ঠু গণতন্ত্রের ধারা ফিরে আসুক। 

একই কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তা শফিকুল ইসলামও। তিনিও স্বীকার করেছেন— এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য অনেকে তৎপর রয়েছেন। আমরা মনে করি, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেটিই হবে তাদের জন্য সমুচিত জবাব। এই সময়ের মধ্যেই সরকারকে তা নিশ্চিত করতে হবে।

এই সরকার দায়িত্ব গ্রহণের দেড় বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচনি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সময় পর্যাপ্ত। আমরা জানি, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশের নিরাপত্তা বাহিনী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। ডেভিল হান্ট ফেজ-২-এ মাত্র ৩৪৬টি অস্ত্র উদ্ধার হয়েছে— যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ ক্ষেত্রে আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

আমাদের ভুলে গেলে চলবে না, দেশের নিরাপত্তা বাহিনীর ওপর নানা সময় দেশের মানুষের অনাস্থা দেখা গেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের পর তা প্রকট হয়েছিল। সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আমরা মনে করি, নিরাপত্তা বাহিনীর প্রতি জনমনে আস্থা ফিরিয়ে আনতে বাহিনীকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে। হারানো আস্থা ফিরে পেতে মানুষের পাশে দাঁড়াতে হবে। নিরাপত্তা বাহিনী যে প্রকৃত অর্থেই জনগণের বন্ধু সেটি প্রমাণ করতে হবে। 

আমরা বলতে চাই— সেটি প্রমাণ করা বড় কঠিন কাজ নয়। আসন্ন নির্বাচনে হতে পারে সেই মোক্ষম সুযোগ।

এফআর


  বিষয়:   সম্পাদকীয়  নির্বাচন  সহিংসতাশঙ্কা  সত্যি 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: