রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকায় শারমিন একাডেমিতে এক শিশু নির্যাতনের ঘটনায় করা মামলায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গত ২৩ জানুয়ারি আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. নূর ইসলাম। তবে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য এদিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমির প্লে শ্রেণিতে ২ মাস আগে বাদীনি ভুক্তভোগী শিক্ষার্থীর মা তার চার বছরের শিশুকে ভর্তি করান। ১১ জানুয়ারি থেকে শিশুটির ক্লাস শুরু হয়। ঘটনার দিন ১৮ জানুয়ারি সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসেন। দুপুর ১টার দিকে বাদীনি স্কুলে গিয়ে দেখেন, প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটির হাত জোর করে চেপে ধরে আছে।
আরও পড়ুন
প্রিন্সিপালের স্বামী পবিত্র কুমার বড়ুয়া চেয়ারে বসে আছে। তখন বাদীনি তার সন্তানকে বিবর্ণ, ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় দেখেন। এরপর বাচ্চাকে বাসায় নিয়ে যান। বাসায় নেওয়ার পর শিশুটি বারবার কান্না করে বলে, মা মিস আমাকে মেরেছে, আংকেল মারছে, আমি কিছু করি নাই, আমি তোমাদের বলে দিলে গলায় পাড়া দেবে এবং মুখ সেলাই করে দিবে। আমি স্কুলে যাবো না। অভিযোগে আরো বলা হয়, এরপর বাদীনি, তার স্বামীকে নিয়ে স্কুলে যায় এবং সিসি ফুটেজ সংগ্রহ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রিন্সিপাল শারমিন বাদীনির ছেলেকে হাত ধরে অফিসে প্রবেশ করে ও তাকে শারীরিকভাবে আঘাত করে। বাচ্চার মুখে ও গালে অনবরত আঘাত করতে থাকে। নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য শিশুটি চিৎকার দেয়। একপর্যায়ে প্রিন্সিপালের স্বামী পবিত্র কুমার বড়ুয়া শিশুটির মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দেয়। সোফার সঙ্গে চেপে ধরে মারতে থাকে।
বাদীনির বাচ্চা কান্না করলে, তারা দীর্ঘক্ষণ পাশবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। মারধরের যন্ত্রণায় ওইদিন রাতে শিশুটির মাথা, ঘাড়, কানে ব্যথা করে। শিশুটি কানে কম শুনতে পায়। পরে শিশুটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ অভিযোগে শিক্ষার্থী মোহাম্মদ ফারয্ বিন আমানের মা শারমিন ফেরদৌসী বাদী হয়ে পবিত্র কুমার বড়ুয়া ও তার স্ত্রী শারমিন জাহানের বিরুদ্ধে ২২ জানুয়ারি পল্টন থানায় শিশু আইনে মামলা করেন।
এএডি/