নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী মাইনুল ইসলাম পাভেল (৩৪) নামে একজনকে গ্রেফতারের করেছে পুলিশ। তিনি ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার পুত্র।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে শাসনগাঁও এলাকায় মাইনুল ইসলাম পাভেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি তৈরি পিস্তল, ম্যাগজিন ও রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার মাইনুল ইসলাম পাভেল আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, বিগত সরকারের শাসনামলে সে আজমেরী ওসমানের ছত্রছায়ায় বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস সম্পর্কে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আআ