ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হরিণাকুন্ড পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বুধবার দিবাগত রাতে গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলির বাড়িতে অভিযান চালানো হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ সময় দুই কেজি গাঁজা ও আটটি রাম দাসহ তাছলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/আআ