ব্যক্তিগত দোকানের সুবিধায় এলজিইডির সেতুর অংশ ভাঙার অভিযোগ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজারে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একটি সেতুর গার্ডার বা গার্ডওয়ালের অংশ ভেঙে

2026-11-05T15:15:34+00:00
2026-11-05T15:15:34+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ব্যক্তিগত দোকানের সুবিধায় এলজিইডির সেতুর অংশ ভাঙার অভিযোগ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম 
সেতুর গার্ডওয়ালের অংশ ভেঙে ফেলা হয়েছে। ছবি : সময়ের আলো
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও বাজারে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একটি সেতুর গার্ডার বা গার্ডওয়ালের অংশ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাইশগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজের এমপিওভুক্ত শিক্ষক আলমগীর হোসেন বিএসসির নাম উঠে এসেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইশগাঁও বাজারের ব্যস্ততম এলাকায় আলমগীর হোসেনের মালিকানাধীন একটি হোটেল ও দোকানঘর রয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জায়গা বাড়ানো এবং দোকানের সুবিধা সম্প্রসারণের উদ্দেশ্যে সেতুর গার্ডার বা গার্ডওয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ কাজে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা ছিল বলেও দাবি করেছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সরকারি অবকাঠামোর এভাবে পরিবর্তন সেতুর নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি বাজারের ব্যস্ত সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বাজারের কয়েকজন সচেতন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে পরে প্রতিবাদী পোস্টগুলো মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রভাবশালী মহলের চাপ ও হুমকির কারণে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতেও সাহস পাচ্ছেন না বলে দাবি তাদের।


এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বাইশগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গাজী সাইফুল ইসলাম তুহিন তার ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

স্থানীয়দের প্রশ্ন, একজন সাবেক জনপ্রতিনিধি ও শিক্ষকের বিরুদ্ধে সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠার পরও কেন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসির বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, সরকারি বা এলজিইডির সেতুর গার্ডার কিংবা গার্ডওয়াল ভাঙার কোনো আইনগত সুযোগ নেই। এ ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের শামিল।

তিনি আরও বলেন, বাইশগাঁও বাজারের সেতুর গার্ডার ভাঙার বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে এলজিইডির সদর দপ্তরে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে সেতুর ওই অংশ ভেঙেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, শুধু তদন্তের আশ্বাস নয়, সরকারি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেতুর অংশ দ্রুত মেরামত করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুমিল্লা  মনোহরগঞ্জ  বাইশগাঁও বাজার  এলজিইডি  সেতুর গার্ডার ভাঙার অভিযোগ  আলমগীর হোসেন  সাবেক ইউপি চেয়ারম্যান  সরকারি সম্পত্তি  সেতু সংস্কার  স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: