কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার দুরবস্থার খবর প্রকাশের পর তার খোঁজ নিতে প্রতিনিধি দল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

2026-11-05T13:37:08+00:00
2026-11-05T13:37:08+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ার ৯৫ বছর বয়সি বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম 
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার দুরবস্থার খবর প্রকাশের পর তার খোঁজ নিতে প্রতিনিধি দল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল বৃদ্ধের বাড়িতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেয়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে যায়।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। আমরা সরেজমিনে এসে জানতে পেরেছি, তার ছেলেরা তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করব।


জানা গেছে, জীবনের দীর্ঘ সময় পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা। সম্প্রতি নিজের জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি সন্তানদের কাছেই আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে বসতবাড়ি থেকে বের করে দেওয়া হলে বাড়ির পাশের একটি গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। তার এই দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ ও শাহাদাত হোসেন; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব; ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় ব্যক্তিরা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কোটালীপাড়া  বৃদ্ধ  খোঁজ নিলেন  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: