আসন্ন জাতীয় নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ১৭৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় এবার মোট ৬০৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। কেন্দ্রগুলোতে সিস ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
সাতক্ষীরা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার ৬০৯ ভোটকেন্দ্রে কক্ষ রয়েছে তিন হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র তিন হাজার ২৮১টি ও অস্থায়ী রয়েছে ১২৯টি। ১৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা-২ আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সাতক্ষীরা-৪ আসন শ্যামনগর উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি ঝুঁকিপূর্ণ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট ভোটার রয়েছেন ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে নয় লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ ও নয় লাখ ১৪ হাজার ৯১৪ জন মহিলা এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধায়নে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ ইতোমধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, জেলার চারটি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের সুবিধার্থে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সময়ের আলো/আআ