চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লব মানবসভ্যতার অগ্রযাত্রায় এক ব্যাপক পরিবর্তনের সূচনা করেছে, যার প্রভাব কেবল শিল্প ও উৎপাদন ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ, রাষ্ট্র, প্রশাসন, অর্থনীতি এবং সর্বোপরি পরিবেশ ব্যবস্থাপনাতেও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। শিল্পবিপ্লবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিটি ধাপই মানবজীবনের গতি, চাহিদা ও দায়িত্ববোধকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।
প্রথম শিল্পবিপ্লব মানুষের হাতে যন্ত্র তুলে দিয়ে উৎপাদনক্ষমতা বাড়িয়েছিল, দ্বিতীয় শিল্পবিপ্লব বিদ্যুৎ ও গণউৎপাদনের মাধ্যমে শিল্পায়নকে গতিশীল করেছিল, আর তৃতীয় শিল্পবিপ্লব তথ্যপ্রযুক্তি ও স্বয়ংক্রিয়তার মাধ্যমে বিশ্বকে ডিজিটাল যুগে প্রবেশ করায়। এই ধারাবাহিকতায় চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তিকে মানুষের জীবনের প্রতিটি স্তরে গভীরভাবে সংযুক্ত করেছে এবং পঞ্চম শিল্পবিপ্লব সেই প্রযুক্তিকে মানবিকতা, নৈতিকতা ও টেকসই উন্নয়নের কাঠামোর মধ্যে পুনঃস্থাপন করার প্রয়াস চালাচ্ছে।
বর্তমান বিশ্ব যে পরিবেশগত সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে, তা আর কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং চলমান বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অনিয়ন্ত্রিত শিল্পায়নের ফলে বায়ু ও পানিদূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ধ্বংস, নগরায়ণের চাপ এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার মানুষের অস্তিত্বকেই প্রশ্নের সম্মুখীন করেছে।
এই সংকট মোকাবিলায় প্রচলিত প্রশাসনিক কাঠামো, কাগুজে আইন কিংবা বিলম্বিত শাস্তি ব্যবস্থা কার্যকর প্রমাণিত হচ্ছে না। পরিবেশ উন্নয়ন, সুরক্ষা ও সংরক্ষণে প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত, নির্ভুল তথ্য এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সক্ষমতা। এখানেই চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে।
চতুর্থ শিল্পবিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো ডিজিটাল, ভৌত ও জৈবিক জগতের একীভূতকরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, বিগ ডাটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, ড্রোন, রোবোটিক্স ও ব্লকচেইনের মতো প্রযুক্তি পরিবেশ ব্যবস্থাপনাকে এক নতুন মাত্রা দিয়েছে। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে পরিবেশগত উপাদানগুলো আর অনুমানের ওপর নির্ভরশীল থাকে না, বরং রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে নিরীক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য হয়ে ওঠে। বায়ুর গুণগত মান, পানির দূষণমাত্রা, শব্দদূষণ, তাপমাত্রা, আর্দ্রতা কিংবা শিল্প-কারখানার নির্গমন মাত্রা এখন সেন্সরের মাধ্যমে মুহূর্তেই জানা সম্ভব। এসব তথ্য একটি কেন্দ্রীয় ডাটা ব্যবস্থায় সংরক্ষিত হয়ে বিশ্লেষণের সুযোগ তৈরি করে, যা পরিবেশের সুশাসনকে তথ্যভিত্তিক ও প্রমাণনির্ভর করে তোলে।
এই বিপুল তথ্যভান্ডার বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডাটা অ্যানালিটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় কখন দূষণ বাড়ছে, কোন শিল্প প্রতিষ্ঠান নিয়ম ভাঙছে, কোন এলাকায় পরিবেশ ঝুঁকি ক্রমশ তীব্র হচ্ছে কিংবা ভবিষ্যতে কোন অঞ্চলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা রয়েছে— এসব বিষয় পূর্বাভাসের মাধ্যমে আগেভাগেই নীতিনির্ধারকদের সতর্ক করা সম্ভব হয়। ফলে পরিবেশ ব্যবস্থাপনা প্রতিক্রিয়াশীল না হয়ে প্রতিরোধমূলক ও পূর্বপ্রস্তুতিমূলক হয়ে ওঠে।
ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বনাঞ্চলে অবৈধ গাছ কাটা, পাহাড় ধস বা পাহাড় কাটা, নদী দখল, জলাশয় ভরাট কিংবা অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড এখন আর গোপনে চালানো সহজ নয়। আকাশ থেকে তোলা উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে এসব অনিয়ম দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থার নজরদারি সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং মানব-নির্ভর তদারকির সীমাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে।
তবে প্রযুক্তির এই অগ্রগতি যদি কেবল দক্ষতা ও নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা হলে তা দীর্ঘমেয়াদে টেকসই হয় না। এখানেই পঞ্চম শিল্পবিপ্লবের মানবকেন্দ্রিক দর্শন বিশেষ তাৎপর্য বহন করে। পঞ্চম শিল্পবিপ্লব প্রযুক্তিকে মানুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সহযোগী হিসেবে বিবেচনা করে। এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশ আর নিছক একটি ভোগ্য সম্পদ নয়, বরং মানবসভ্যতার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। টেকসই উন্নয়ন, সার্কুলার ইকোনমি, কার্বন নিরপেক্ষতা এবং সবুজ প্রযুক্তির ধারণা পঞ্চম শিল্পবিপ্লবের মূল সুর।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সঙ্গে স্মার্ট গ্রিড প্রযুক্তির সমন্বয় বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে দক্ষতা বাড়ায় এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করে। একইভাবে শিল্প উৎপাদনে শক্তি, দক্ষ যন্ত্রপাতি, বর্জ্য পুনর্ব্যবহার এবং নির্গমন হ্রাস প্রযুক্তি পরিবেশের ওপর চাপ কমায়। পঞ্চম শিল্পবিপ্লবের মানবিক দৃষ্টিভঙ্গি পরিবেশ আইন প্রয়োগেও ন্যায়বিচার ও স্বচ্ছতার বিষয়টি সামনে নিয়ে আসে। প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য যদি নাগরিকদের জন্য উন্মুক্ত ও সহজবোধ্য হয়, তবে পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং সামাজিক জবাবদিহি শক্তিশালী হয়।
পরিবেশ উন্নয়ন বলতে কেবল দূষণ কমানো নয়, বরং পরিবেশের সামগ্রিক গুণগত মান উন্নত করা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করাকে বোঝায়। স্মার্ট সিটি ধারণার মাধ্যমে নগর পরিবেশ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সমন্বয় এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। স্মার্ট ট্রাফিক সিস্টেম যানজট কমিয়ে জ্বালানি অপচয় ও বায়ুদূষণ হ্রাস করে। স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, ব্যবস্থা বর্জ্য সংগ্রহ, পরিবহন ও নিষ্পত্তিকে আরও কার্যকর করে তোলে। ফলে নগর পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং স্বাস্থ্যঝুঁকি কমে।
দূষণ প্রতিরোধে রিয়েলটাইম তথ্যের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। অতীতে পরিবেশ দূষণের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে দীর্ঘ সময় লাগত, ফলে ব্যবস্থা নেওয়া হতো অনেক দেরিতে। রিয়েলটাইম বায়ু ও পানির মান পর্যবেক্ষণ-ব্যবস্থা এই সীমাবদ্ধতা দূর করেছে। দূষণের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করলেই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণকে জানানো সম্ভব হচ্ছে। এতে একদিকে জনগণ সচেতন হচ্ছে, অন্যদিকে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারছে।
পরিবেশ আইন প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হলো শাস্তি প্রদানে বিলম্ব ও কার্যকর জবাবদিহির অভাব। দীর্ঘসূত্রতা অনেক সময় আইন লঙ্ঘনকারীদের আরও বেপরোয়া করে তোলে এবং পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যকে ব্যাহত করে।
আধুনিক প্রযুক্তি এই ব্যবধান উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। শিল্পকারখানা, যানবাহন বা নির্দিষ্ট স্থানে স্থাপিত স্বয়ংক্রিয় সেন্সর থেকে প্রাপ্ত রিয়েলটাইম তথ্য যদি আইনগতভাবে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে স্বীকৃতি পায়, তবে দূষণ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। নির্ধারিত সীমার বেশি দূষণ নির্গমন শনাক্ত হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে নোটিস জারি করতে পারে এবং পূর্বনির্ধারিত বিধান অনুযায়ী, জরিমানার পরিমাণ নিরূপণ করে সরাসরি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জরিমানা কেটে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে।
অথবা জরিমানার সমপরিমাণ অর্থ ব্যাংক হিসাবে না থাকলে অন্যান্য সেবা স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক বন্ধ থাকার সুযোগ রাখা যেতে পারে। এতে মানবিক হস্তক্ষেপ, পক্ষপাত বা বিলম্বের সুযোগ কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিষয়ে সুশাসন নিশ্চিত সম্ভব হবে।
এই পুরো প্রক্রিয়ায় ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার তথ্যের স্বচ্ছতা, অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেন্সর থেকে সংগৃহীত তথ্য একবার ব্লকচেইনে সংরক্ষিত হলে তা পরিবর্তন বা বিকৃত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে আইন প্রয়োগে প্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না। ফলস্বরূপ পরিবেশ আইন প্রয়োগ আরও দ্রুত, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হয়ে উঠবে এবং দূষণকারীদের জন্য আইন এড়িয়ে যাওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হবে।
উন্নয়নশীল দেশগুলোর জন্য এই প্রযুক্তিনির্ভর পরিবেশ সুশাসন একদিকে যেমন বড় সুযোগ, অন্যদিকে তেমনি জটিল চ্যালেঞ্জও বয়ে আনতে পারে। যেমন সীমিত অর্থনৈতিক সক্ষমতা, দক্ষ জনবলের অভাব, প্রযুক্তিগত অবকাঠামোর ঘাটতি এবং নীতিগত অসংগতি এসব চ্যালেঞ্জের অন্যতম। তবে ধাপে ধাপে প্রযুক্তি গ্রহণ, আন্তর্জাতিক সহযোগিতা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এসব বাধা অতিক্রম করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় প্রেক্ষাপটে উপযোগী প্রযুক্তি নির্বাচন এবং অন্ধ অনুকরণের পরিবর্তে প্রয়োজনভিত্তিক প্রয়োগ।
অপরদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির মূল দর্শন ‘লিভ নো ওয়ান বিহাইন্ড’ কেবল একটি স্লোগান নয়, বরং উন্নয়ন ও পরিবেশ শাসনের ক্ষেত্রে নৈতিক দিকনির্দেশনা। এই দর্শনের মূলে রয়েছে এমন এক উন্নয়ন প্রক্রিয়ার ধারণা, যেখানে পরিবেশগত ঝুঁকি, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কোনো মানুষ, অঞ্চল বা প্রজন্ম বাদ না পড়ে।
বাস্তবতায় দেখা যায়, পরিবেশ দূষণ ও অবক্ষয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র মানুষ, শ্রমজীবী শ্রেণি এবং ভবিষ্যৎ প্রজন্ম, যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রায়ই উপেক্ষিত থাকে। চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের প্রযুক্তিনির্ভর পরিবেশ ব্যবস্থাপনা যদি এই ‘লিভ নো ওয়ান বিহাইন্ড’ দর্শনকে কেন্দ্র করে গড়ে তোলা যায়, তবে রিয়েলটাইম তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আগাম সতর্ক করা, দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং পরিবেশ আইন প্রয়োগে বৈষম্য হ্রাস করা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তির সুবিধা যেন কেবল নগর বা উন্নত অঞ্চলে সীমাবদ্ধ না থাকে, বরং গ্রাম, উপকূল, পাহাড় ও পিছিয়ে পড়া এলাকাতেও সমানভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করাই এই দর্শনের মূল দাবি। এভাবেই পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রযুক্তি একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রযুক্তি এককভাবে কোনো সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে না। এর সঙ্গে প্রয়োজন উপযুক্ত নীতি, হালনাগাদ আইন এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো। পরিবেশ আইন সংশোধন করে প্রযুক্তি-নির্ভর প্রমাণ গ্রহণের বিধান যুক্ত করা জরুরি। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং নাগরিকের গোপনীয়তা রক্ষার বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিতে হবে।
প্রশাসনিক কাঠামোয় প্রযুক্তি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি না করলে প্রযুক্তির সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।
পরিশেষে বলা যায়, চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের আধুনিক প্রযুক্তি পরিবেশ উন্নয়ন, সুরক্ষা ও সংরক্ষণে এক যুগান্তকারী সম্ভাবনা সৃষ্টি করেছে। রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে দূষণ প্রতিরোধ ও দূষণে তাৎক্ষণিক দণ্ড প্রয়োগ পরিবেশ সুশাসনকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে পারে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রযুক্তির সঙ্গে মানবিক দায়িত্ববোধ, নৈতিকতা এবং টেকসই উন্নয়নের দর্শনের সমন্বয় অপরিহার্য। সঠিক পরিকল্পনা, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তরিক প্রয়াস থাকলে আধুনিক প্রযুক্তির সহায়তায় একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা নিঃসন্দেহে সম্ভব।
লেখক : অতিরিক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন), বালাদেশ রফতানি প্রক্রিয়াকরণ, ঢাকা।
এফআর