বিএনপির ২ নেতার সঙ্গে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবি এআই দিয়ে তৈরি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির দুই নেতার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক কর্মকর্তার বৈঠকের যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা

2026-01-31T13:05:48+00:00
2026-01-31T13:05:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির ২ নেতার সঙ্গে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবি এআই দিয়ে তৈরি
দ্য ডিসেন্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম 
বিএনপির ২ নেতার সঙ্গে ‘র’ কর্মকর্তার বৈঠকের ছবি এআই দিয়ে তৈরি
বিএনপির দুই নেতার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক কর্মকর্তার বৈঠকের যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে জানিয়েছে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করে।

পোস্টে জানানো হয়, Shafin Rahman নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চারটি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে—সেখানে বিএনপির দুই কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টুকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। পোস্টে উল্লেখ করা হয়, “কয়েকটি OSINT প্ল্যাটফর্ম” থেকে এসব ছবি সংগ্রহ করা হয়েছে এবং ছবিগুলোর মেটাডাটা যাচাই করে সেগুলোর সত্যতা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

তবে দ্য ডিসেন্টের অনুসন্ধান ও বিশ্লেষণে উঠে এসেছে, ছবিগুলো বাস্তব নয়, বরং সেগুলো এআই দিয়ে তৈরি।

ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, ছবিগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির Oberoi হোটেলে ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে অনুষ্ঠিত তিনটি আলাদা বৈঠকের সময় তোলা।

পোস্টে থাকা চারটি ছবির মধ্যে দুটি ছবিতে দেখা যায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু একটি হোটেল লবিতে কথিত ‘র’ কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন এবং বাকি দুটি ছবিতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে একই কর্মকর্তার সঙ্গে দেখা যায়। স্যুট পরা আমীর খসরুকে দেখা যায় এমন একটি ছবির মূল সংস্করণ নয়াদিল্লির Oberoi হোটেলের একটি গুগল রিভিউতে পাওয়া গেছে, যা Ranjan Jha নামের এক ব্যবহারকারী প্রায় ছয় বছর আগে পোস্ট করেছিলেন।

মূল ছবির সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়, ছবিটিকে এআইয়ের সাহায্যে বিকৃত করে তাতে দুইজন ব্যক্তির বসে থাকার দৃশ্য সংযোজন করা হয়েছে। সম্পাদনার পরও ছবিতে কিছু মিল ও অসামঞ্জস্য রয়ে গেছে, যা প্রমাণ করে যে ভাইরাল হওয়া ছবিটি মূল ছবির পরিবর্তিত সংস্করণ।

দ্য ডিসেন্ট চারটি ছবিকে তিনটি ওপেন-সোর্স এআই ইমেজ ডিটেকশন টুলে পরীক্ষা করে। এর মধ্যে তিনটি ছবির বিষয়ে টুলগুলো নিশ্চিত কোনো সিদ্ধান্ত দিতে না পারলেও, আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে আরও এক ব্যক্তির বসে থাকার একটি ছবিকে এআই-তৈরি বলে শনাক্ত করা হয়—একটি টুলে ৮৫ শতাংশ এবং আরেকটিতে ১০০ শতাংশ সম্ভাবনা দেখানো হয়।


পোস্টে দাবি করা হয় যে, আমীর খসরু ও মিন্টু তিনটি ভিন্ন বছরে কথিত ‘র’ কর্মকর্তা কর্নেল গৌরব দোগরার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, ভিন্ন বছরের বলে দাবি করা ছবিগুলোর এঙ্গেল প্রায় একই এবং প্রতিটি ছবিতে ক্যামেরা ও বৈঠকরত ব্যক্তিদের মাঝখানে প্রায় একই চেহারা ও শারীরিক গঠনের একজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। কাছাকাছি সময়ে একই ধরনের প্রম্পট ব্যবহার করে এআই দিয়ে ছবি তৈরি করলে এমন মিল দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে ভিন্ন সময়ে ভিন্ন বৈঠকে এমন সাদৃশ্য অস্বাভাবিক।

Shafin Rahman তার পোস্টের মন্তব্য অংশে ছবিগুলোর উৎস হিসেবে একটি ভিডিও শেয়ার করেন, যা একই দিনে Indus Sentinel Grid নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ, Shafin Rahman যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলোর প্রকৃত উৎস হলো Indus Sentinel Grid।

এই অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা গেছে, এটি পাকিস্তান থেকে পরিচালিত এবং গত বছরের জুলাই মাসে এর কার্যক্রম শুরু হয়। অ্যাকাউন্টটির সাম্প্রতিক ২০টিরও বেশি পোস্ট পর্যালোচনায় দেখা যায়, সেখানে নিয়মিতভাবে ভিত্তিহীন, সূত্রহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়, যার বেশিরভাগই ভারত ও আফগানিস্তানবিরোধী।

এ ছাড়া গত ১৪ ডিসেম্বর অ্যাকাউন্টটি অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সংঘটিত এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভুয়া তথ্য ছড়ায়। ওই ঘটনায় জড়িত বাবা-ছেলের একজন ভারতীয় ও অন্যজন অস্ট্রেলীয় নাগরিক হলেও Indus Sentinel Grid ছেলেকে আফগান নাগরিক হিসেবে পরিচয় দিয়ে ছবি প্রকাশ করে।

যেহেতু ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে প্রমাণ পাওয়া গেছে, তাই সেগুলোর মেটাডাটা যাচাই করে সত্যতা নিশ্চিত করার দাবিটিও সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দ্য ডিসেন্ট।

/ইউএমএইচ


  বিষয়:   বিএনপি  নেতা  এআই 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: