পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দীর্ঘ ৪০ বছর ধরে একই মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন শেষে ফুলে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে মাওলানা মোহাম্মদ আব্দুস সালামকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদ কমিটি ও স্থানীয়রা মিলে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
মাওলানা আব্দুস সালাম ১৯৮৬ সাল থেকে উত্তর দর্জিপাড়া জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তার বয়স ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেন।
বিদায় উপলক্ষে মাওলানা সালামকে প্রথমে একটি সুসজ্জিত প্রাইভেটকারে করে শেষবারের মতো মসজিদে নিয়ে আসা হয়। এ সময় ছোট শিশুরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেয়। জোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও মুসল্লিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে তার হাতে নগদ ১ লাখ টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উত্তর দর্জিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, হুজুর দীর্ঘ ৪০ বছর আমাদের খেদমত করেছেন। আমরা চেয়েছি তার এই দীর্ঘ ত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং ইমামদের যে উচ্চ মর্যাদা থাকা উচিত, তার একটি উদাহরণ সৃষ্টি করতে।
বিদায়ী খতিব মাওলানা আব্দুস সালাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব পালন করেছি। মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া চাই।
আরএন/আরআর