মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর নেতৃত্বকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের মধ্যেই ইরানের উপর হামলার অনুমোদন দিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে রোববারের মধ্যেই হামলা শুরু হতে পারে বলে জানা গেছে।
বোরবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপর হামলার জন্য প্রস্তুত থাকতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্রকে মার্কিন সামরিক বাহিনী নির্দেশ দিয়েছে।
মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন উপদেষ্টা জানিয়েছেন, এটি কোনো পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়। এটি মূলত সরকার পরিবর্তনের বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছেন। একই সঙ্গে ইরানি সরকারকে ক্ষমতাচ্যুত করার কৌশল নেওয়া হচ্ছে। অর্থাৎ শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্ব ও সক্ষমতার অবসান ঘটানোই এর মূল লক্ষ্য।
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের ধারণা হলো—ইরানের শীর্ষ নেতৃত্বে সফল হামলার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে এবং শেষ পর্যন্ত সরকার উৎখাত হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘হামলার অপেক্ষা করছেন’ এবং তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন যে, পশ্চিমা বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটি নতুন সরকার গঠনে ইসরায়েল সহায়তা করতে পারবে।
সময়ের আলো/কেএইচও