দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে থাকার পর বলিউডে ফিরে এসেই নিজের দাপট দেখালেন অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘মারদানি থ্রি’ শুরু থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। মুক্তির প্রথম দুই দিনেই সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি- যা রানির ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী কামব্যাক হিসেবে ধরা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি মুক্তির দিনেই আয় করে ৪ কোটি রুপি। দর্শক প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ায় দ্বিতীয় দিনে আয়ের গতি আরও বেড়ে যায়। বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের প্রাথমিক হিসাব অনুযায়ী, শনিবার ছবিটি সংগ্রহ করেছে প্রায় ৬ কোটি রুপি। ফলে দুই দিনে মোট আয় দাঁড়ায় ১০ কোটি রুপিতে।
ব্যবসায়িক দিক থেকে ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমাকেও ছাড়িয়ে গেছে তৃতীয় কিস্তিটি। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩ কোটি ৮০ লাখ রুপি, আর ২০১৪ সালে মুক্তি পাওয়া প্রথম ‘মারদানি’ সংগ্রহ করেছিল ৩ কোটি ৪০ লাখ রুপি। সেই তুলনায় ‘মারদানি থ্রি’ শুরু থেকেই এগিয়ে রয়েছে।
আরও পড়ুন
বড় বাজেটের অ্যাকশন ছবি ও প্রতিদ্বন্দ্বী মুক্তির চাপের মাঝেও নিজেদের জায়গা ধরে রেখেছে এই সামাজিক প্রেক্ষাপটের থ্রিলার। যখন সানি দেওলের ‘বর্ডার টু’ মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপির বিশাল মাইলফলক স্পর্শ করেছে, তখনও ভিন্ন ধারার গল্প নিয়ে দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে ‘মারদানি থ্রি’।
প্রমাণ মিলছে, শুধু বিস্ফোরণ আর যুদ্ধের দৃশ্য নয়- দৃঢ় অভিনয় আর শক্ত গল্প থাকলে বাস্তবভিত্তিক থ্রিলারও বক্স অফিসে প্রভাব ফেলতে পারে। সেই জায়গা থেকেই রানী মুখার্জির এই প্রত্যাবর্তন যে দীর্ঘ রানের ইঙ্গিত দিচ্ছে, তা বলাই যায়।
এএডি/