আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে দেশে উন্নয়ন হয়েছে—এটা অস্বীকার করব না। তবে এই উন্নয়ন হয়েছে দুই ধরনের। একটা জনগণের, আরেকটা রাজনৈতিক নেতা-কর্মীদের। জনগণের উন্নতি করতে গিয়ে গেল ১৫ বছরে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। যারা মানুষের সম্পদ চুরি করে, আল্লাহ তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেন। এজন্য দফায় দফায় তারা লাঞ্ছিত হন।
তিনি আরও বরেন, দেশে অনেক টাকা আছে। এসব টাকার বেশিরভাগ পাচারকারীরা বিদেশে পাচার করেছে। আমরা ক্ষমতায় গেলে ওদের মুখে হাত দিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে নিয়ে আসব। নিজেদের উন্নয়ন করব না, ১৮ কোটি মানুষের ভাগ্য বদলের জন্য উন্নয়ন করব।
শফিকুর রহমান বলেন, গাজীপুর সত্যিকার অর্থে একটি শিল্প এলাকা। কিন্তু সমস্যা হলো এখানে শৃঙ্খলা নেই। এখানে ৪০ লক্ষ শ্রমিক-কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা। তবে আমরা ভোটে নির্বাচিত হলে ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে।
জামায়াতের আমির নারী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমি বাস্তব অবস্থা দেখার জন্য মাঝেমধ্যে কারখানায় যাই। সেখানে সব মালিকের দৃষ্টিকোণ সমান নয়। বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের সম্মান দেওয়া হয় না। বিশেষ করে মায়েদের সম্মান দেওয়া হয় না। সেখানে বেতন বৈষম্য আছে, নারীদের এক রকম, পুরুষদের আরেক রকম। আমরা ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করে দেবো, ইনশাল্লাহ।
গাজীপুর মহানগর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওলানা জয়নাল আবেদিন, গাজীপুর জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, গাজীপুর -৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খায়রুল হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এফআর