উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে গাছ কেটে নেওয়ার চিত্র দেখা গেছে। ছবি : সময়ের আলোবরিশালের উজিরপুরে সরকারি সড়কের চার কিলোমিটার এলাকার গাছ কেটে নেওয়ার মহোৎসব শুরু হয়েছে। গত কয়েকদিন থেকে অব্যাহতভাবে গাছগুলো কেটে নেওয়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, উজিরপুর উপজেলার সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। গত ২ নভেম্বর বিকেল চারটার দিকে পরিদর্শন শেষে তিনি অফিসে চলে আসেন। মঙ্গলবার সকাল দশটার দিকে পুনরায় কার্যক্রম পরিদর্শনে গিয়ে দেখতে পান, সড়কের মধ্যবর্তী স্থানের ৩/৪ টি গাছ কাটা।
উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে গাছ কেটে নেওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সড়কের সরকারি গাছ মার্ক করে দিয়ে যায়। এরপরই শুরু হয় গাছ কেটে নেওয়ার মহোৎসব।
উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম চাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। তার ওই পোস্টে সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়ে তিনি উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীসহ কয়েকজনকে দায়ী করেছেন। যদিও তিনি দলীয় নেতাদের অনুরোধে পরবর্তীতে পোস্টটি ডিলিট করার বিষয়টি বুধবার দুপুরে স্বীকার করেছেন। তবে গাছ কাটার বিষয়টি সত্য বলে তিনি দাবি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়নকাজ চলছে। এজন্য রাস্তার দুই পাশ খোঁড়া হচ্ছে। এ সুযোগে প্রভাবশালী মহল সরকারি রাস্তার দুইপাশের বিভিন্ন প্রজাতির গাছ দিনে ও রাতে সমানতালে কেটে নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে সানুহার থেকে কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়া হয়েছে।
উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীর (০১৩৪১-৭৩৭৭০৬) নাম্বারে একাধিকবার যোগা ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন ধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উজিরপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গাছগুলো সামাজিক বনায়নের না। শুনেছি সাবেক সংসদ সদস্য স্থানীয়দের নিয়ে গাছগুলো রোপণ করেছিলেন। এরপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, রাস্তা এলজিইডির। তবে গাছগুলো কারা লাগিয়েছিলেন তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। যেহেতু সরকারি জায়গার গাছ চুরি হয়েছে, তাই পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার আলী সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সময়ের আলো/এনএন