প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৬:৪১ পিএম
দণ্ডপ্রাপ্ত মো. মোতাহার মিয়া। ছবি : সময়ের আলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অন্য ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মো. মোতাহার মিয়া ও তার দুই ছেলে মো. মনির মিয়া এবং মো. কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল মিয়া আদালতে উপস্থিত থাকায় তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি মনির মিয়া ও মোতাহার মিয়া পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছেন আদালত।
খালাস পাওয়া ছয় আসামি হলেন মো. নবীর হোসেন, মো. রুবেল মিয়া, মো. শরীফ মিয়া, মোছাম্মাৎ মনোয়ারা বেগম ওরফে মিনু, মোছাম্মাৎ জিয়াছমিন এবং মোছাম্মাৎ খাদিজা বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ অক্টোবর রাত ৮টার দিকে কসবা উপজেলার তন্তর বাজারে মুদি দোকানের ব্যবসা শেষ করে বাড়ি ফেরেন মানিক মিয়া। বাড়িতে বসে রাতের খাবার খাওয়ার সময় তার চাচি মাহমুদা বেগম জরুরি কাজের কথা বলে তাকে নিজেদের বাড়িতে ডেকে পাঠান।
পরে রাত সাড়ে ৮টার দিকে চাচা মোতাহার মিয়ার বাড়িতে গেলে পূর্ববিরোধের জেরে চাচা, চাচাতো ভাইসহ অন্য আসামিরা মানিক মিয়ার ওপর হামলা চালান। এ সময় তার মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ২০১৮ সালের ১১ অক্টোবর ১১ জনের নাম উল্লেখ করে কসবা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. নজির আহাম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সারওয়ার-ই-আলম ও অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুল।
সময়ের আলো/জোই