প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
গৃহবধূ ইখতারা সরকার। ছবি : সময়ের আলোব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামী কর্তৃক শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া গৃহবধূ ইখতারা সরকার (৩০) মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩১ অক্টোবর (শনিবার) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকারবাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীর মিয়ার সঙ্গে ইখতারার বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বজনদের অভিযোগ, গত এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। মারধরের শিকার হয়ে প্রায় দেড় মাস আগে দুই বছর বয়সী ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।
গত শুক্রবার (৩০ অক্টোবর) ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। ওই সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকি দেন তিনি। পরদিন শনিবার ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে ঢোকেন জাহাঙ্গীর। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে চিৎকার শুনে স্বজনেরা এসে গুরুতর দগ্ধ অবস্থায় ইখতারাকে উদ্ধার করেন। শ্বাসনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর সকালে তিনি মারা যান।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই