প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
কয়লাবোঝাই মাদার ভ্যাসেল। ছবি : সময়ের আলোপটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবোঝাই সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা দিয়ে জ্বালানি সরবরাহ করা হবে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে প্রায় সাড়ে ১৩ মিটার গভীরতার জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থান নেওয়া জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লাবোঝাই করে যাত্রা শুরু করে জাহাজটি। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে এটি পায়রা বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, বুধবার (৪ নভেম্বর) থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি কয়লা খালাসের পর মাদার ভ্যাসেলটি বন্দরের টার্মিনালে নিয়ে বাকি কয়লা খালাস করা হবে।
বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এখন থেকে পায়রা বন্দরে ধারাবাহিকভাবে জাহাজের আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সময়ের আলো/জোই