প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ছবি : সময়ের আলোআত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।
তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলো মূলত আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতেই ছিল।
এসআরবি-১২-এর অধিনায়ক আরও জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু হয়।
সময়ের আলো/আতা