প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১১:১৬ এএম
ছবি : সংগৃহীত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত পোশাকশ্রমিকদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ন্যূনতম বেতন বৃদ্ধি, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায় ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে আন্দোলন করছিলেন পোশাকশ্রমিকেরা। এদিন সকালেও হেমায়েতপুর ও ফুলবাড়িয়া এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় হেমায়েতপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হেমায়েতপুরসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে সকাল ৮টা ৩৫ মিনিটে পদ্মার মোড় ও হেমায়েতপুর এলাকার আটটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানাগুলো হলো—দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেড, সামশ স্টাইলিং ওয়্যার লিমিটেড, রূপকথা অ্যাপারেলস লিমিটেড, পদ্মা ক্যান্স লিমিটেড, ব্যাবিলন ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড, অবনী নিট ওয়্যার লিমিটেড ও জিন্স ম্যানুফ্যাকচার লিমিটেড।
এ ছাড়া ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড ও পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেডে কর্মবিরতি চলছে।
সময়ের আলো/জেডি/আতা