প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা । ছবি : সংগৃহীতলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটে তারা। এ সময় লাঠিসোঁটা নিয়ে সীমান্তে পাহারা দেন গ্রামবাসী।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকায় ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সীমান্তের ওপারে হঠাৎ সার্চলাইট বন্ধ করে অন্ধকারের মধ্যে দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে সীমান্ত এলাকার বাসিন্দারা সতর্ক হয়ে ওঠেন। পরে খবর ছড়িয়ে পড়লে অনেকে দলবদ্ধ হয়ে সীমান্তে জড়ো হন। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফ সদস্যদের টর্চলাইট জ্বালানোর চেষ্টা এবং কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।
পরিস্থিতি আঁচ করতে পেরে স্থানীয় বাংলাদেশিরা চিৎকার শুরু করেন। পরে বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা হাতে সীমান্তে অবস্থান নেন তারা। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা আবার সার্চলাইট জ্বালাতে বাধ্য হন।
এ বিষয়ে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। বিএসএফের যেকোনো ধরনের পুশইনের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।
সময়ের আলো/এসকে