প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৫:৩৮ পিএম
নলডাঙ্গার মাধনগন বাজারে সারের ডিলারের দোকানে এমন দৃশ্য দেখা গেছে। ছবি : সময়ের আলো নাটোরের নলডাঙ্গায় সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো সার না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা।
বুধবার(৪ নভেম্বর) সকালে নলডাঙ্গার মাধনগন বাজারে সারের ডিলারের দোকানে এমন দৃশ্য দেখা গেছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্তমান বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা চরমে। অথচ ডিলারের দোকানে পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। অনেকে ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও সার সংগ্রহ করতে পারছেন না। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে।
পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নলডাঙ্গা থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সুশৃঙ্খলভাবে সার বিতরণের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় কৃষকের দাবি, সার নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই বিভিন্নভাবে টোকেন দিয়ে স্যার লাইনের আগে গিয়ে সার নিয়ে চলে যাচ্ছে। আমরা টোকেন নিয়ে কাঙ্ক্ষিত সার না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে। অনেকে চাষাবাদ না করলেও ভ্যান ভরে সার নিয়ে যাচ্ছে। সার বিতরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ সঠিক তদারকির মাধ্যমে সার বিতরণ ব্যবস্থা করা হোক। প্রকৃত কৃষক যেন তার চাহিদা অনুযায়ী সার পায়।
নলডাঙ্গা উপজেলা কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। ডিলাররা যাতে সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় সার সরবরাহ করা হবে বলে জানান তিনি।
সময়ের আলো/এনএন