পঞ্চগড় সীমান্তে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার হয়ে আসা ৬টি ভারতীয় গরু আটক করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৭টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরী এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পঞ্চগড় সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ চক্র গরু চোরাচালানের চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে ৫৬ বিজিবির অধিনায়কের নির্দেশনায় মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার আজাহারুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৭৭৫/১০-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাউতরী নামক স্থানে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৬টি গরু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
সময়ের আলো/জোআই/