নাটোরের আব্দুলপুরে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি রাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে প্লাটফর্মে না নেমে বিপরীত পাশে নেমে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।
এ সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ বলেন, ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও বলেন, ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
সময়ের আলো/আআ