এক সপ্তাহের মধ্যে ৫১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবহিনী। গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এরমধ্যে বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৩৬৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিন জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে।
যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেছে সেনাবাহিনী।
সময়ের আলো/এসকে/