চাঁদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নয় হাজার ১৭৮ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতি কেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।
রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রধারী আনসার সদস্যদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলাই আনসার সদস্যদের মূল দায়িত্ব বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ যাচাই-বাছাই শেষে ডিজিটাল অ্যাপস পদ্ধতির মাধ্যমে আনসার সদস্যদের নির্বাচন করা হয়েছে এবং ডিজিটাল তথ্য ডাটাবেজে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সফটওয়্যার-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সুযোগ থাকবে।
আনসার সদস্যদের সম্মানী-ভাতা নিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকারী সদস্যরা আগামী আটদিনের জন্য প্রতিদিন এক হাজার টাকা করে সম্মানী পাবেন। যাতায়াত ভাতাসহ সব অর্থ সরাসরি সদস্যদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং কোনো মধ্যস্বত্ত্বভোগী থাকবে না।
এফআর