বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি পাঁচগুণ বাড়িয়েছে সরকার। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই ফি বাড়ানোর মাধ্যমে সম্প্রতি ‘বীমা ব্যবসার নিবন্ধন ফি বিধিমালা-২০১২’ সংশোধন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গেজেট প্রকাশ করেছে।
প্রকাশিত গেজেট অনুযায়ী, ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালে নিবন্ধন নবায়ন ফি হবে প্রতি হাজার প্রিমিয়ামের ওপর ২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, কোনো কোম্পানি এক কোটি টাকা প্রিমিয়াম আয় করলে পরবর্তী বছরের নিবন্ধন নবায়নের জন্য ২৫ হাজার টাকা ফি দিতে হবে।
পরের বছরগুলোতে ফি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। ২০২৯, ২০৩০ ও ২০৩১ সালে প্রতি হাজার প্রিমিয়ামের ওপর ফি ৪ টাকা এবং ২০৩২ সাল ও তার পরের জন্য এই হার ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি ছিল প্রতি হাজার প্রিমিয়ামের ওপর ১ টাকা।
নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর প্রস্তাবে আইডিআরএ উল্লেখ করেছে, ভবিষ্যতে তাদের ব্যয় অন্তত চারগুণ বাড়বে। তাই বর্তমানে প্রতি হাজার প্রিমিয়ামের ওপর ১ টাকা হারে নেয়া ফি ধাপে ধাপে ৫ টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
আইডিআরএ এই ফি বাড়ানোর প্রয়োজনীয়তার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে, দুয়ার সার্ভিস লিমিটেডের পরিচালিত আইআইএমএস প্লাটফর্মের বিল পরিশোধ, কর্তৃপক্ষের জনবল বাড়ানো ও পেনশন-গ্র্যাচুইটি প্রদানের ব্যয়, নিজস্ব ভবন নির্মাণ ও শাখা অফিস স্থাপন, এবং বিমা খাতে পেশাদারিত্ব বাড়ানোর জন্য বিসিআইআই, বিআইআইএম ও ‘একচ্যুয়ারিয়াল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান গঠন।
সময়ের আলো/আআ