ভয়ভীতি প্রদর্শন, হয়রানির অভিযোগ এবং প্রতিকূল পরিবেশ উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপা প্রার্থী ও দুইবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের স্বার্থে এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাকে ৩টি মামলায় আসামী করে এলাকা থেকে বিতাড়িত করা হয়। কিন্তু কোনো ঘটনার সাথেই সম্পৃক্ত ছিলেন না বলে জানান তিনি।
তিনি তখনকার সময়ে সংসদ সদস্যও ছিলেন না বলে উল্লেখ করেন প্রেস বিজ্ঞপ্তিতে।
তিনি আরও জানান, জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হলে আইনি বাধ্যবাধকতার কারণে স্ব-শরীরে মনোনয়ন জমা দিতে পারেননি। তারপক্ষ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা মনোনয়ন জমা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণা হলে তিনি ও তার সমর্থকরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলে বিভিন্ন মহল থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভয়ভীতি দেখানো হয়। গ্রেফতারের হুমকি দেওয়া হয়। অন্যান্য প্রার্থীদের মতো সম্পূর্ণ স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা চালাতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
এরকম প্রতিকূল পরিবেশের কারণে তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সিদ্ধান্তক্রমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তিনি নেতাকর্মী, সমর্থক, এলাকার ভোটার ও সাংবাদিকদের কাছে ক্ষমা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সময়ের আলো/আরবিএন/এসেকে/