নতুন বছরে পুঁজিবাজারে বেড়েছে বিদেশিদের লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বেড়েছে। এ সময়ে বিদেশিরা ২০৩ কোটি টাকার বেশি

2026-02-08T21:59:33+00:00
2026-02-08T21:59:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
নতুন বছরে পুঁজিবাজারে বেড়েছে বিদেশিদের লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম 
প্রতীকী ছবি
চলতি বছরের জানুয়ারির প্রথম ১৫ দিনে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বেড়েছে। এ সময়ে বিদেশিরা ২০৩ কোটি টাকার বেশি লেনদেন করেছেন। এর আগের ১৫ দিনে লেনদেনের পরিমাণ ছিল ৮৭ কোটি টাকা। এ ক্ষেত্রে ১৫ দিনের ব্যবধানে বিদেশি লেনদেন বেড়েছে দ্বিগুণেরও বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাক্ষিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই কমছে। গত বছরেও এ ধারাবাহিকতা অব্যাহত ছিল। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা ৩২ কোটি ডলার লেনদেন করেছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ৯০৪ কোটি টাকা। এর মধ্যে গত বছরের প্রথম মাস জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৫০ লাখ ডলার। এরপর ফেব্রুয়ারিতে ২ কোটি ২০ লাখ, মার্চে ১ কোটি ৪০ লাখ, এপ্রিলে ৩ কোটি ৫০ লাখ, মে মাসে ৪ কোটি ১০ লাখ, জুনে ২ কোটি ৩০ লাখ, জুলাইতে ৪ কোটি, আগস্টে ৩ কোটি ১০ লাখ, সেপ্টেম্বরে ৩ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৩ কোটি, নভেম্বরে ২ কোটি ১৯ লাখ ও ডিসেম্বরে ১ কোটি ১৯ লাখ ডলারের লেনদেন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ সময়ে প্রতি মাসে গড়ে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৬৭ লাখ ডলার। 


ডিএসইর তথ্যানুসারে, গত ৯ বছরে এক্সচেঞ্জটির মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণ ৩ দশমিক ৮৫ থেকে কমে ১ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে চার বছর ধরে দেশের পুঁজিবাজারে বিদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২০১৬ সালে ডিএসইতে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ৮ হাজার ৭৭৩ কোটি টাকা, যা ছিল এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৩ দশমিক ৬৮ শতাংশ। ২০১৭ সালে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ ছিল বিদেশিদের, টাকার অঙ্কে যার পরিমাণ ১১ হাজার ৪৪৮ কোটি। ২০১৮ ও ২০১৯ সালে ডিএসইতে বিদেশিরা যথাক্রমে ৯ হাজার ২৭৩ কোটি ও ৭ হাজার ৮২৩ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন এবং এক্সচেঞ্জটির মোট লেনদেনে তাদের অংশগ্রহণের হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৪৮ ও ৩ দশমিক ৪৪ শতাংশ। 

এদিকে, কোভিডের বছর ২০২০ সালে পুঁজিবাজারে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ১০ হাজার ৩৮৮ কোটি টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৮৫ শতাংশ। এর পরের বছর ২০২১ সালে এক্সচেঞ্জটির মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণের হার নেমে যায় ১ দশমিক ১০ শতাংশে এবং টাকার অঙ্কে লেনদেন দাঁড়ায় ৭ হাজার ৭৬৪ কোটিতে। ২০২২ ও ২০২৩ সালে ডিএসইতে বিদেশিদের লেনদেনের পরিমাণ তলানিতে গিয়ে ঠেকে। এ দুই বছরে এক্সচেঞ্জটির মোট লেনদেনে বিদেশিদের অংশগ্রহণের হার ছিল যথাক্রমে দশমিক ৮৯ ও দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে টাকার অঙ্কে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৪ হাজার ১৮০ কোটি ও ২ হাজার ১৬৭ কোটি। সবশেষ ২০২৪ সালে ডিএসইতে বিদেশিদের লেনদেন কিছুটা বেড়ে ৩ হাজার ৯২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ছিল গত বছর এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১ দশমিক ২২ শতাংশ। 

পুঁজিবাজারে ক্রমান্বয়ে বিদেশিদের বিনিয়োগ কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণকে দায়ী করেছেন বিশ্লেষকরা। এর মধ্যে এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেট সূচকের রিটার্নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে শ্লথগতির কারণে বিনিয়োগকারীরা বেশি রিটার্নের আশায় এখান থেকে বিনিয়োগ প্রত্যাহার করে অন্যান্য অঞ্চলের বাজারগুলোতে বিনিয়োগ করেছেন। পাশাপাশি দেশের ব্যাংক খাতের দুর্বলতা, তারল্য ঝুঁকি, মুদ্রা বিনিময় হার ঝুঁকি ও পর্যাপ্ত ভালো শেয়ারের জোগান না থাকার বিষয়গুলোও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নতুন বছর  পুঁজিবাজার  বিদেশি  লেনদেন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: