বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, বিএনপি গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী। বিএনপি সরকার গঠন করলে দেশ ৫০ থেকে ১০০ বছর এগিয়ে যাবে। আমাদের হাতে কোনো জাদুর কাঠি বা আলাদিনের চেরাগ নেই, তবে মানুষের উন্নয়নের জন্য আমাদের অদম্য সদিচ্ছা আছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নওশাদ জমির বলেন, ২০২৬ সালের এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিচার বিভাগের স্বাধীনতা ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে বাংলাদেশ এটি শুধু একটি স্লোগান নয়, এটি তারেক রহমানের দেশপ্রেমের দর্শন।
একগুচ্ছ নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া পঞ্চগড়ের বন্ধ হয়ে যাওয়া চিনিকলটি পুনরায় চালু করা হবে।
পঞ্চগড়কে একটি শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ জেলায় বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। আধুনিক সদর হাসপাতালের মান উন্নয়ন করে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়া পাথর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করার পাশাপাশি একটি আধুনিক পৌরসভা উপহার দেওয়া হবে।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট রিনা পারভীন এবং নির্বাচনি এজেন্ট ব্যারিস্টার নওফেল জমির। এছাড়াও যুবদল, ওলামা দল এবং গণ-সংহতি আন্দোলনের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জনসভা উপলক্ষে দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক মিছিল নিয়ে চিনিকল মাঠে জড়ো হন। ফলে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
সময়ের আলো/জোআই