টাকায় নজর বিএনপির, বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা

সাব্বির আহমেদ

রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঠিক আগের দিন টাকা ছড়ানোর চেষ্টা এবং টাকা নিয়ে আটকের কয়েকটি ঘটনায় ভোটের দিন সকর্ত অবস্থানে থাকবে

2026-02-12T05:18:00+00:00
2026-02-12T05:26:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
টাকায় নজর বিএনপির, বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
সাব্বির আহমেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৫:২৬ এএম
প্রতীকী ছবি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঠিক আগের দিন টাকা ছড়ানোর চেষ্টা এবং টাকা নিয়ে আটকের কয়েকটি ঘটনায় ভোটের দিন সকর্ত অবস্থানে থাকবে বিএনপি। দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে সারা দেশে নেতাকর্মীদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রার্থীদের চিফ এজেন্টদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

ভোটে প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী কোথাও কোনো ধরনের অপতৎপরতা চোখে পড়লে নিয়মতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনোভাবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে ভোট বন্ধ না হয়ে যায়; সেদিকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও টাকা দিয়ে ভোটে প্রভাবিত করার চেষ্টা হলে প্রশাসনের হস্তক্ষেপে রুখে দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি।        

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকার ব্যাগসহ আটক করার ঘটনায় বুধবার দিনভর বেশ উত্তেজনা সৃষ্টি করেছে বিএনপি ও জামায়াত শিবিরে। এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য এসেছে দুই দলের কাছ থেকে। ধানের শীষ প্রতীকের ‘অনিবার্য বিজয়’ রুখতে জামায়াতে ইসলামী টাকা দিয়ে ‘ভোট কিনছে’ বলে অভিযোগ করেছে বিএনপি। 

বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন  এ অভিযোগ করেন।

আর ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগ থেকে ৭৪ লাখ উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনার বিষয়ে বুধবার বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার দাবি, নির্বাচন সামনে রেখে একদল লোক বিভিন্ন ধরনের সাজানো ঘটনাগুলো দিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।


এ ঘটনার পর থেকে নিজেদের মধ্যে সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে বিএনপি। তবে দলটি ভোটের উৎসবমুখর পরিবেশ ধরে রাখতে চায় বলে তাদের কথায় মনে হয়েছে। তারা মনে করছেন, ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে। তবে নির্বাচনের দিন যেকোনো ধরনের ষড়যন্ত্র এবং ভোট বিতর্কিত করার চক্রান্ত প্রতিহতে সতর্ক থাকবেন দলটির নেতাকর্মীরা। চূড়ান্ত ফলাফলের শিট নিয়ে দলীয় পোলিং এজেন্টদের কেন্দ্র ত্যাগ করাসহ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে কেন্দ্র দখল, বিশৃঙ্খলা ও জাল ভোট দিতে না পারে — সে ব্যাপারেও সতর্ক থাকবেন তারা।


বিএনপির ভ্রাতৃপ্রতীক সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সময়ের আলোকে বলেন, ভোটের দিন জামায়াতে ইসলামী ভোটারদের নানাভাবে টাকা দেওয়ার চেষ্টা করবে। আমরা কড়া নজরদারিতে থাকব। অর্থাৎ আমাদের নেতাকর্মীরা সবখানে সতর্ক অবস্থায় থাকবে। চোখকান খোলা রাখবে। 

তিনি বলেন, বিভিন্ন জায়গায় টাকা বিতরণের খবর ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ঠাকুরগাঁওয়ের জেলা আমির ৭৬ লাখ টাকা নিয়ে আটক হয়েছেন। অথচ আমরা ইনকাম ট্যাক্স ঘেঁটে দেখলাম তার বার্ষিক আয় মাত্র পৌনে ৫ লাখ টাকা। আর মোট সম্পদের পরিমাণ ২৪ লাখের মতো। তা হলে এত টাকা ক্যামনে আসে? এই চিত্রই বলে দিচ্ছে জামায়াতের বড় ধরনের কারসাজির পরিকল্পনা আছে। তাই আমরা সতর্ক আছি। ভোটের রেজাল্ট ঘোষণার আগপর্যন্ত আমরা সবাই মাঠে থাকব। কারণ অনেক আশঙ্কা তৈরি হচ্ছে। তবে আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হোক। এটা বিঘ্নিত হলে সবারই ক্ষতি।

দল থেকে নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে গাজীপুরের টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক রুকন সময়ের আলোকে বলেন, নেতাকর্মীদের ভোট গণনার শেষ পর্যন্ত মাঠে থাকতে বলা হয়েছে। আমরা ভোর থেকেই কেন্দ্র পাহারা দেব। কেউ যাতে কেন্দ্রে বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য সজাগ থাকব। 
 
সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা :  এদিকে দলীয় পোলিং এজেন্টদের জন্য সব আসনে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই যাতে তৎক্ষণাৎ ছবি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি ঘটনার লাইভ করারও পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। গুজব, অপতথ্য ও মিথ্যার গঠনমূলক জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


গুলশানে ভোট দেবেন তারেক রহমান : বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এ ছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি আরও জানান, বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা কখন ভোট দেবেন তা এখনও নির্ধারণ হয়নি। তবে সকালের দিকেই তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  টাকা  নজর  বিএনপি  বিশৃঙ্খলা  নির্দেশনা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: