দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এ দেশের মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব শ্রেণিপেশার ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন ঘিরে আবারও সামনে এসেছে পুরোনো বির্তক ‘টাকার খেলা’।
ভোট কেনাবেচা ও প্রভাব বিস্তারের দীর্ঘদিনের কালচার থেকে বের হতে পারেনি নির্বাচন। ভোট কেনাবেচা, অবৈধ অর্থের লেনদেন ও প্রভাব বিস্তারের অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
টাকা উদ্ধারের ঘটনাগুলো কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির দাবি, নির্বাচনে তাদের বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র প্রশ্ন তুলেছেন — ব্যাংক ও আর্থিক লেনদেন বন্ধ থাকার সময় বিপুল অর্থ কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
অন্যদিকে জামায়াতে ইসলামীর অভিযোগ, এসব ঘটনা ‘সাজানো নাটক’। দলটির দাবি, বৈধ ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করা হয়েছিল এবং বিষয়টি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, টাকা উদ্ধারের নামে বিভিন্ন দলের নেতাদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে এবং নির্বাচন ঘিরে মিসইনফরমেশন ও পক্ষপাত তৈরি করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠ প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে যদি সুনির্দিষ্ট প্রমাণ বা কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন নিশ্চিত করেছে।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে ৭৪ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। ভোটের আগের দিন বুধবার বেলা ১১টার দিকে টাকাসহ তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তার ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে এমন গোয়েন্দা তথ্যে তাকে আটক করা হয়। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। তবে তাকে আটক করা হয়নি।
ব্যাগে কত টাকা আছে জানতে চাইলে জামায়াতের এই নেতা বলেন, এখানে ৫০-৬০ লাখ, ৫০ লাখ প্লাস টাকা আছে। কীসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার, গার্মেন্টসের।
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি কার্যালয় থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় সেখান থেকে আটক ভোটগ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে নড়িয়া থানার পুলিশ তাকে কারাগারে পাঠান।
দণ্ডপ্রাপ্ত পোলিং কর্মকর্তার নাম গোলাম মোস্তফা। তিনি নড়িয়ার ১২৭ নম্বর হাজী সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার পঞ্চপল্লী উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, নড়িয়া পৌরসভার একটি বাড়িতে জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনি কাজে টাকা বিতরণ করছেন এমন খবরের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে যায়। খবর পেয়ে তিনিও যান। সেখান থেকে টাকা বিতরণের একটি তালিকা, ল্যাপটপ, হার্ডডিস্ক পাওয়া যায়। সেখান থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জামায়াত ও বিএনপি সূত্র জানায়, নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈশাখীপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নির্বাচনি কার্যালয় খোলেন শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন। সেখান থেকে তার নির্বাচনি কার্যক্রম চালানো হচ্ছিল। সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানের সময় সেখান থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তখন সেখানে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন। ওই কার্যালয় থেকে তখন হাজী সৈয়দ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফাকে আটক করা হয়।
কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়।
আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তার গাড়িতে তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে ওপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুইটি বান্ডিল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।
ইউএনও আব্দুল রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েনি বিধায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, এ খবরটি এখনই শুনলাম। খোঁজ নিয়ে জেনে পরে বিস্তারিত জানাতে পারব।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নে ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে স্থানীয়রা। বিকালে ইউনিয়নের রামপুর এলাকায় জামায়াতের তিন কর্মীকে স্থানীয়রা ঘেরাও করে। এ সময় টাকাসহ কামাল হোসেনকে আটক করে জনতা।
আটক কামাল হোসেন ওই ইউনিয়নের জামাতের আমির বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসন।
৭১ হাজার টাকাসহ সিরাজগঞ্জের কামারখন্দে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিনকে আটক করেছিলেন বিএনপি সমর্থিত নেতাকর্মী। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আটক হওয়া আব্দুল মমিন কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সিএনজিযোগে যাওয়ার সময় জামায়াতের সমর্থক আব্দুল মমিনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নামসংবলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাজ ছিল।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল বারি হাট এলাকা থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।
চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, রাত ১২টার দিকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় দেওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। পাশাপাশি তিনি কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা নিয়ে নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্ন তোলেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন, সেটি একটি প্রশ্ন।
ঢাকা থেকে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, টানা চার দিন যেখানে দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে, সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র বলেন, স্পষ্টতই, আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগ থেকে ‘৭৪ লাখ’ টাকা উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছে দলটি।
এ ঘটনার বিষয়ে বুধবার বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার দাবি, নির্বাচন সামনে রেখে একদল লোক বিভিন্ন ধরনের সাজানো ঘটনাগুলো দিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
টাকা উদ্ধারের নামে বিভিন্ন দলের নেতাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৭ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। কিন্তু এ নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান মেজবাহ-উল-আজম সওদাগর সময়ের আলোকে বলেন, ভোট কেনাবেচার অভিযোগ পুরোনো সমস্যা, নির্বাচনে অর্থের প্রভাব নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময়ে ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ, উপহার সামগ্রী বা অন্যান্য সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। অবৈধ অর্থ লেনদেন বা ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর বলেন, নির্বাচনে অর্থের প্রভাব রোধ করতে শুধু অভিযান যথেষ্ট নয়। নির্বাচনে অর্থের প্রভাব নিয়ন্ত্রণ করা গেলে জনগণের আস্থা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।
এফআর