সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
ভোটের আগে তরুণদের মধ্যে সব চেয়ে বেশি উন্মাদনা কাজ করলেও সকালের দিকে সব চেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে মধ্যবয়সি এবং বয়স্কদের।
অনেকেই আবার পরিবারসহ সকালেই চলে এসেছেন ভোট দিতে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ। তবে কোনো ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়নি৷ কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ বাহিনী।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানান, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে আশ্বস্ত করেছি।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সময়ের আলো/এআর