জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, চমৎকার পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চমৎকার পরিবেশে ভোটগ্রহণ চলছে। সব দিক বিবেচনায় এখন পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব আমরা দেখছি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে বলে আমরা আশাবাদী। তবে তিনি অভিযোগ করে বলেন, বরিশাল, ভোলা ও কুমিল্লায় আমাদের অনেক নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।
এজেন্টদের বাধা দেয়া হচ্ছে। প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে। এছাড়া গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) কিছু মিডিয়ার কার্যক্রম আমাদের হতাশ করেছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেন, আমরা আশা করব, প্রশাসন কোনো দিকে বা কোনো দলের পক্ষে হেলে পড়বে না।
‘ভোটের পরিবেশ নিয়ে বলব, সকালটা ভালো শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভালো। পরবর্তীকালে আরও সময় পার হলে আমরা আরও ভালো বলতে পারবো’, যোগ করেন তিনি।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
সময়ের আলো/এআর