ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। সবকিছু ঠিক থাকলে আগামী রোববারই (১৫ ফেব্রুয়ারি) সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের ভালোবাসায় বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। বিএনপি জনগণের দল। বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।
এদিকে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রথমে একটি সরকারি গেজেটে প্রকাশিত হতে হবে এবং নির্বাচিত আইন প্রণেতাদের সেই বিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নিতে হবে।
এ অবস্থায় শুক্রবারই ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত করে আজ গেজেট আকারে প্রকাশ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাকি দুটি আসনের (চট্টগ্রাম-২ ও ৪) ফলাফল ঘোষণা স্থগিত থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
এফআর