ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির পার্টি অফিস হিসাবে ব্যবহৃত ঘরটি ফিরে পেতে এবার আইনি সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দুটি লিখিত আবেদন করেছেন ঘর মালিকপক্ষ।
শহরের থানা রোডে অবস্থিত ওই অফিস ঘরটি ১৯৮০ সাল থেকে উপজেলা বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম মাহবুবার রহমানের ছেলে (ঘর মলিক) আসাদুজ্জামান মিঠু মিয়ার করা এমন আবেদনটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়। সর্বশেষ ওই বিএনপির অফিসটিতে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করাতে বহিষ্কারের পরও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
ঘর মালিক আসাদুজ্জামান মিঠু মিয়ার আবেদনে উল্লেখ করা হয়, তাদের পৈতৃক বাড়ির নীচতলাতে দীর্ঘদিন ধরে বিএনপির পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি সাইফুল ইসলাম ফিরোজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করায় ফিরোজকে দল থেকে বহিষ্কার হয়। বাড়ির মালিক আরও জানান, ভাড়াটিয়া সংশ্লিষ্টদের কার্যালয়টি ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তারা এখনো সেখানে অবস্থান করছেন।
মালিকপক্ষের দাবি তারা বর্তমানে ঘরটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক। কিন্ত ছাড়তে অনীহার কারণে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ প্রেক্ষিতে তারা উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
বিএনপির দলীয় অফিস সংক্রান্ত বিষয়ে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, একটি পক্ষ পার্টি অফিস নিয়ে শত্রুতা করছে। আবেদনকারী মিঠু ঘর মালিক নহে। মুল ঘরমালিক কামরুজ্জামান বাইরে আছেন। তার সঙ্গে কথা বলে সমাধান করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, সরকারি ছুটি অফিস বন্ধ থাকায় এমন কোনো আবেদন পাইনি। ফেসবুকে একটি আবেদনটি দেখেছেন। এটি ঘরমালিক ও ভাড়াটিয়াদের বিষয়। থানা প্রশাসন বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন বলে জানান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, বিএনপি অফিসের ঘর সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
সময়ের আলো/জোআই