জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত বহুল আলোচিত গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ মার্চ এ মামলার রায় ঘোষণা করা হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক পর্ব শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।
মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যিনি বর্তমানে পলাতক। এছাড়া খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াও পলাতক।
গ্রেফতার অবস্থায় আছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। প্রসিকিউশন দাবি করেছে, সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে আসামিদের সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে গত বছরের ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন নামের এক তরুণ। অভিযোগ অনুযায়ী, পুলিশ সদস্যরা তাকে অনুসরণ করে সেখানে যায়। একপর্যায়ে ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তার ওপর গুলি চালানো হয়। তিনি গুরুতর আহত হন।
একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামের দুজন নিহত হন। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এ ঘটনাটি বিশেষভাবে আলোচিত। ট্রাইব্যুনালের রায় ঘিরে আইনজীবী মহল ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি এখন ৪ মার্চের ঘোষণার দিকে।
এএডি/