আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে টানা ব্যস্ততার পর স্বল্প সময়ের জন্য দেশের বাইরে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে তিনি এই সফরে গেছেন এবং প্রায় এক সপ্তাহ পর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিসিবি পরিচালকদের পাঠানো খুদে বার্তায় বুলবুল জানিয়েছেন, তার অনুপস্থিতিতে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। সংশ্লিষ্ট কমিটিগুলোকে নিজ নিজ দায়িত্ব যথারীতি পালন করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি বিদেশে অবস্থান করলেও অনলাইনে যোগাযোগ রেখে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, পারিবারিক সময় কাটানোর উদ্দেশ্যেই বুলবুলের এই সফর। শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
তবে এই সফর এমন এক সময়ে হলো, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বিসিবি ছিল আলোচনার কেন্দ্রে। নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের মাটিতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়। এ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ও অন্যান্য সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে টানা আলোচনা চলে।
শেষ পর্যন্ত বাংলাদেশের প্রস্তাব গৃহীত হয়নি এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। সিদ্ধান্ত ঘোষণার পর ক্রিকেটপাড়ায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে বোর্ড সভাপতির এই স্বল্প মেয়াদের বিদেশ সফরকে অনেকে ‘ব্যস্ততার পর বিরতি’ হিসেবেই দেখছেন।
এএডি/