প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি : সংগৃহীতব্যালন ডি’অর নিয়ে মেসি-রোনালদোর সমর্থকদের বিতর্ক দীর্ঘদিনের। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে পুরস্কারটির আয়োজকদের বিশেষ উদ্যোগ। ফুটবলপ্রেমীরা চাইলে বেছে নিতে পারবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোসহ ১০ কিংবদন্তির ক্যারিয়ারের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম। তবে ভোট দিতে প্রতিবার খরচ করতে হবে এক ইউরো।
এটি চলতি বছরের ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের ভোট নয়। বরং অতীতে একাধিকবার এই পুরস্কার জেতা ১০ ফুটবলারের কোন মৌসুমটি সমর্থকদের কাছে সবচেয়ে স্মরণীয়, তা জানতেই এ আয়োজন।
তালিকায় রয়েছেন মেসি, রোনালদো, রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। সাধারণত ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণে নির্বাচিত আন্তর্জাতিক সাংবাদিকেরা ভোট দেন। তবে এবার বিশেষ এই আয়োজনে সরাসরি মতামত জানানোর সুযোগ পাচ্ছেন সমর্থকেরাও।
ভোটাভুটিতে এখন পর্যন্ত এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ তারকা। সমর্থকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সেই মৌসুমই।
দ্বিতীয় অবস্থানে আছেন মেসি, তার ২০১২ সালের মৌসুম নিয়ে। সেবার টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ফুটবলে তার অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে মৌসুমটি এখনো আলোচিত।
ক্যারিয়ারে মেসি আটবার এবং রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। তবে এই ভোটে তাদের মধ্যে কে সেরা, তা নির্ধারণ করা হচ্ছে না। বরং প্রত্যেক খেলোয়াড়ের ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলোর মধ্যে কোনটি সমর্থকদের সবচেয়ে বেশি মনে ধরেছে, সেটিই উঠে আসবে।
ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে অক্টোবরের শুরুতে ভোটাভুটি শুরু হয়েছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়া যাবে। একই খেলোয়াড়কে একাধিকবার ভোট দিতে চাইলে প্রতিবারই এক ইউরো করে দিতে হবে।
তবে আয়োজকেরা জানিয়েছে, এই ভোটের ফলকে ফুটবল ইতিহাসের সেরা মৌসুমের চূড়ান্ত রায় হিসেবে দেখা যাবে না। এটি মূলত সমর্থকদের পছন্দ ও মতামতের প্রতিফলন।
সময়ের আলো/টিকে