নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নানা অঙ্গন থেকে আসছে প্রত্যাশার কথা। এবার দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, পদ-পদবি আর ক্ষমতা নিয়ে টানাহেঁচড়া কেন, যদি জনগণের মৌলিক প্রয়োজনই পূরণ না হয়? তার ভাষায়, দেশের মানুষ খুব বেশি কিছু চায় না; শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে থাকলেই তারা সন্তুষ্ট।
জ্যোতি লেখেন, একটি ১৫০০ শয্যার হাসপাতালে যখন ৫ হাজারের বেশি রোগী থাকে, আর চিকিৎসক-নার্সের সংকট দেখা যায়- তখন সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। একইভাবে দেশের অনেক সড়কের বেহাল অবস্থার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব অবকাঠামোগত দুর্বলতা সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তিতে ফেলে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য অনেক কিছু করা লাগবে না, দৈনন্দিন প্রয়োজনগুলো ঠিক করে দিলেই হবে।’সাধারণ নাগরিকদের সহজ-সরল প্রত্যাশার কথাই যেন ফুটে উঠেছে তার বক্তব্যে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর এমন সময়ে ক্রীড়াঙ্গনের একজন নেতৃত্ব-স্থানীয় ব্যক্তির কাছ থেকে এ ধরনের বার্তা সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এএডি/