অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হওয়ায় দায়িত্ব শেষ হয় মুহাম্মদ ইউনূসের। তবে ক্ষমতা ছাড়লেও এখনো বাসভবন ছাড়েননি তিনি। সেখানে ইউনূস আরও বেশ কিছুদিন থাকবেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন সরকার শপথ নেওয়ার প্রাক্কালে ড. ইউনূসের সম্ভাব্য ভূমিকা নিয়ে জোর জল্পনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুঞ্জন রয়েছে, নতুন সরকার চাইলে তিনি সাংবিধানিক কাঠামোর ভেতরে কোনো পদে থাকতে পারেন বা তাকে রাষ্ট্রের রাষ্ট্রপতি পদেও রাখতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের মন্ত্রী হিসেবে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টাকে নিয়োগের পর এই ব্যাপারটি আরও জোরদার হয়েছে সামাজিক মাধ্যমে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন সাবেক প্রধান উপদেষ্টা এবং এরপর কোথায় থাকবেন তিনি।
ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে জানিয়েছে, তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন। আগামী সপ্তাহের মধ্যেই এ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
সরকারের একটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে, এর আগে ভবনটিতে কিছু সংস্কারকাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর গতকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ইউনূস। দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন তিনি আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন। পাশাপাশি নবঅনুমোদিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদারকিতেও যুক্ত হতে পারেন।
সময়ের আলো/এনএ